উজিরপুরে পৌর কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বরিশালের উজিরপুর পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন) এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উজিরপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির সূচনা করেন।
কর্মসূচিকে কেন্দ্র করে সকালে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌর এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন এবং ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক মুহাম্মদ নেছার উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত এই কর্মসূচিকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পৌর প্রশাসক মহেশ্বর মণ্ডল বলেন, সবুজ ও পরিবেশবান্ধব উজিরপুর গড়ে তোলার লক্ষ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে না, বরং এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরাও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়।