জনসেবায় ব্যর্থ হলে কাউকে ছাড় দেওয়া হবে না মানিকগঞ্জের কর্মকর্তাদের হুঁশিয়ারি বিমান মন্ত্রীর

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা সভায় জেলার বিভিন্ন নাগরিক সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান না হওয়ায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সভায় উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করে মন্ত্রী বলেন, নিজ নিজ দপ্তরের চেয়ারের মর্যাদা রক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক হতে হবে। জনসেবার অঙ্গীকার পূরণ করতে ব্যর্থ হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

বিজ্ঞাপন

দায়িত্ব পালনে অবহেলা বরদাস্ত করা হবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ব্যস্ততার কারণে সশরীরে সব সময় মানিকগঞ্জে থাকা সম্ভব হয় না। তাই সরকারি কর্মকর্তাদের আমার প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জনমুখী ভিশন বাস্তবায়নে প্রতিটি কর্মকর্তাকে মাঠপর্যায়ে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।

সভায় মানিকগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের পানির সংকট, জলাবদ্ধতা নিরসন এবং জরাজীর্ণ রাস্তাঘাটের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে জেলাজুড়ে মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলার সার্বিক উন্নতির লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। জনস্বার্থ রক্ষায় কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন না করার বিষয়েও তিনি কর্মকর্তাদের সাবধান করে দেন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই সভায় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান এবং সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%