AdvertisementAdvertisement

বগুড়া সাতমাথায় পৌর মার্কেটে সাবলেট বাণিজ্যে রাজস্ব হারাচ্ছে সিটি করপোরেশন

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত অর্ধশতাব্দী পুরনো পৌরসভার একমাত্র মার্কেটটি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায় ২৩ শতাংশ জমির ওপর নির্মিত এই মার্কেটের দেড় শতাধিক দোকান থেকে পৌরসভা নামমাত্র রাজস্ব পেলেও, এর অন্তরালে চলছে বিশাল এক বাণিজ্য। দোকান বরাদ্দপ্রাপ্তরা বছরের পর বছর ধরে চুক্তি ছাড়াই নামমাত্র ভাড়ায় দোকান দখলে রেখে সাবলেটের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন, ফলে বঞ্চিত হচ্ছে সিটি করপোরেশনের রাজস্ব খাত।

ঊনসত্তরের দশকে নির্মিত এই মার্কেটের দোকানগুলোর অধিকাংশ ভাড়াটিয়াই প্রতি স্কয়ার ফুট ১৭ টাকা কিংবা সাত টাকা হারে ভাড়া দিচ্ছেন। যারা আদালতের মাধ্যমে সাত টাকা হারে ভাড়া পরিশোধ করছেন, তারাই আবার প্রতিটি দোকানের সামনে বাড়তি জায়গা দখল করে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে উপভাড়া আদায় করছেন। সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, প্রায় ১৩৮টি দোকানেই অবৈধ সাবলেটের ছড়াছড়ি। এসব দোকান থেকে মূল ভাড়াটিয়ারা মাসিক ২০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন, আবার সামনের অংশে টেবিল-চেয়ার পেতে ভ্রাম্যমাণ দোকান থেকে আদায় করছেন আরও ১০ থেকে ২০ হাজার টাকা।

Advertisement
বিজ্ঞাপন

মার্কেটটির করুণ দশা এবং রাজস্ব ফাঁকির এই সংস্কৃতি দীর্ঘদিনের। সাবেক মেয়র মাহবুবুর রহমানের আমল থেকে কয়েক দফা ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও দোকান মালিকদের অসহযোগিতা এবং আইনি জটিলতায় তা মুখ থুবড়ে পড়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই মার্কেটের স্থলে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হলেও রহস্যজনক কারণে সেই কার্যক্রম থমকে যায়। বর্তমান সরকারের নীতিনির্ধারক ও তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বগুড়াবাসী এখন এই মার্কেটটি আধুনিকায়নের দাবি জানিয়েছেন।

অব্যবস্থাপনার চরম পর্যায়ে থাকা এই মার্কেটে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারী ও ক্রেতাদের। দুই বছর আগে মার্কেটের কার্নিশ ভেঙে পড়ে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটলেও সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে বগুড়া সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর সাধারণ মানুষের প্রত্যাশা, নগর কর্তৃপক্ষ দ্রুত এই জরাজীর্ণ ভবনটি অপসারণ করে নতুন ও আধুনিক মার্কেট নির্মাণ করবে। এতে একদিকে যেমন নাগরিক ভোগান্তি কমবে, অন্যদিকে সিটি করপোরেশনের আয় বৃদ্ধি পাবে বহুগুণ।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%