তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন

নতুন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন। বরিশাল-১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনের এই জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলটির মিডিয়া সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন। দলীয় কার্যক্রমে তথ্যভিত্তিক ও কৌশলগত যোগাযোগ ব্যবস্থাপনায় তার সক্রিয় ভূমিকার কারণে তিনি কেন্দ্রীয় রাজনীতিতে বিশেষভাবে পরিচিতি লাভ করেন।

২০০১ সালের দিকে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে দলের মিডিয়া সেলের আহ্বায়ক, কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তথ্য, গবেষণা ও গণমাধ্যম কৌশল নির্ধারণে তার অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বরিশাল-১ আসনে তিনি বিজয়ী হন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয় লাভ করেন। বরিশালের ছয়টি আসনেই বিএনপির জয়লাভের ধারাবাহিকতায় তার বিজয় দক্ষিণাঞ্চলে নতুন রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অভিনন্দন বার্তায় ভরে যায়। নির্বাচনী এলাকা গৌরনদী-আগৈলঝাড়া ছাড়াও পুরো দক্ষিণাঞ্চলে আনন্দের আমেজ দেখা যায়। স্থানীয়রা আশা করছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তিনি গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। তাদের মধ্যে জহির উদ্দিন স্বপনের ওপর অর্পিত হয়েছে দেশের তথ্য ও সম্প্রচার খাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

0%
0%
0%
0%