শ্যামনগরে জেলেদের জালে ধরা পড়া বিরল প্রজাতির কচ্ছপ বন বিভাগের কাছে হস্তান্তর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় জালের টানে উঠে এসেছে প্রায় ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ। শুক্রবার দুপুরে খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলের জালে আটকা পড়ার পর কচ্ছপটিকে উদ্ধার করে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় সচেতন যুবকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নদী থেকে কচ্ছপটি পাওয়ার পর জেলে সেটিকে নিজের বাড়িতে নিয়ে রাখেন। পরবর্তীতে কচ্ছপ আটকের খবরটি এলাকায় জানাজানি হলে স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলামের নেতৃত্বে একদল গ্রামবাসী জেলের বাড়িতে ছুটে যান। তারা প্রাণীটিকে উদ্ধার করে শনিবার বেলা ২টার দিকে সুন্দরবনের কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সহায়তায় বন বিভাগের কাছে পৌঁছে দেন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা কচ্ছপটি বর্তমানে তাদের জিম্মায় রয়েছে। বিরল প্রজাতির এই প্রাণীটির সুরক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের এমন সচেতনতা ও তাৎক্ষণিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে যে অঙ্গীকার ব্যক্ত করেছে, স্থানীয়দের এই ভূমিকা তারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।