উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বড় বাধা, মন্তব্য এটিএম আজহারুল ইসলামের

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও স্থানীয় সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও অবাস্তব বলে আখ্যায়িত করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের পাচার করা ২৭ লাখ কোটি টাকা ফিরিয়ে আনার কোনো রূপরেখা এই বাজেটে নেই, যা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের শঙ্কা তৈরি করেছে।
এ টি এম আজহারুল ইসলাম আরও বলেন, সরকার দলীয় নেতাকর্মীদের লাগামহীন চাঁদাবাজিই বর্তমান বাজেট বাস্তবায়নের পথে প্রধান বাধা। হাটবাজার, রাস্তাঘাট ও পরিবহন খাতে এই চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাঁদাবাজি বন্ধ না হলে দেশের উন্নয়ন অসম্ভব, কারণ এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ আর পকেট ভারী করছে চাঁদাবাজরা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণে আজ মানুষের জানমালের নিরাপত্তা নেই। তিনি উল্লেখ করেন যে, প্রতিদিন দেশের কোথাও না কোথাও হত্যাকাণ্ড ও সহিংসতা ঘটছে, অথচ এর অনেক তথ্যই গণমাধ্যমে আসছে না। ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম আতঙ্ক নিয়ে চলাচল করছে এবং এই পরিস্থিতি উত্তরণে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
বিগত ফ্যাসিষ্ট সরকারের এমপি-মন্ত্রীদের তীব্র সমালোচনা করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, তারা উন্নয়নের নামে দেশজুড়ে মিথ্যাচারের পাহাড় গড়েছিল। তিনি সরেজমিনে দেখেছেন যে, আগের সরকারের সময়ে উন্নয়নের দাবি করা রাস্তাঘাটের ৭০ শতাংশই এখনো কাঁচা এবং চলাচলের অনুপযোগী। জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না থাকায় তারা কেবল নিজেদের পকেট ভারী করতে এবং বিদেশে অর্থ পাচারেই ব্যস্ত ছিল।
নিজের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামীর জনপ্রতিনিধিরা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ায় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, তাদের দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা অন্যায়ে জড়িত হলে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা হয়। পরিশেষে তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উপজেলা আমির কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা।