বিশ্বকাপ উন্মাদনায় বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা

বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় শুক্রবার ফুটবল উন্মাদনার এক ভিন্নধর্মী আবহে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের এই সরব উপস্থিতি নগরীর ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল তিনটায় বেলস পার্ক থেকে আর্জেন্টিনা সমর্থকদের এবং বিকেল চারটায় ব্রাজিল সমর্থকদের পৃথক দুটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। প্রতিটি শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেলের বহর অংশ নেয় এবং প্রতিটি দলের সমর্থকরা পিকআপ ভ্যানে উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে বিশ্বকাপের জনপ্রিয় গানগুলোর সঙ্গে নিজেদের প্রিয় দলের পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন। শোভাযাত্রাগুলো নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বেলস পার্কে এসে শেষ হয়।

আর্জেন্টিনার সমর্থকরা তাদের শোভাযাত্রা থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে দাবি করেন, গতবারের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিরোপা তাদের দখলেই থাকবে। তাদের মতে, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন বরাবরের মতোই অপূর্ণ থেকে যাবে।

পাল্টা জবাবে ব্রাজিল সমর্থকরা দাবি করেন, এবারের বিশ্বকাপে উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে আর্জেন্টিনা কোনো অনৈতিক সুবিধা পাওয়ার সুযোগ পাবে না। তাদের মতে, হাত দিয়ে গোল করার সুযোগ না থাকায় আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত এবং ব্রাজিলের ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয় কেউ আটকে রাখতে পারবে না। এমন উত্তাপপূর্ণ বাগবিতণ্ডার মধ্য দিয়েই দুই দলের সমর্থকরা নিজেদের প্রিয় দলের প্রতি আনুগত্য ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%