কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাহবুবুর রহমান কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় হাওরবেষ্টিত এই জনপদে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তার এই পদোন্নতির খবরে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন।
মাহবুবুর রহমান জামালগঞ্জ সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হুমায়ুন কবির সরকার উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। পৈতৃক সূত্রেই তিনি রাজনীতির পাঠ গ্রহণ করেন এবং ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের পতাকাবাহী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন।
রাজনৈতিক ক্যারিয়ারে তিনি জামালগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সাফল্যের সাথে পালন করেছেন। পরবর্তীতে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিলেট বিভাগ যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করেছেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ এই নিয়োগে সন্তোষ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়নের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও মজবুত হলো।
নবনিযুক্ত সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, এই অর্জন কেবল আমার ব্যক্তিগত নয়, এটি পুরো সুনামগঞ্জের যুবসমাজের। হাওরাঞ্চলের মাটি ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করাই আমার মূল লক্ষ্য। তৃণমূলের প্রতিটি কর্মীর আস্থার প্রতিদান দিয়ে আগামী দিনে ত্যাগী ও সাহসী নেতাদের সমন্বয়ে যুবদলকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
