জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও জিরা জব্দ

জামালপুরের বকশীগঞ্জ ও রৌমারী সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চোরাচালানের জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চলা এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সীমান্তবর্তী ১০৬৬ নম্বর পিলারের কাছে বন্ধুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করেন বিজিবি সদস্যরা। একই রাতে বড়াইবাড়ী সীমান্তের চুলিয়ারচর এলাকায় আরেকটি অভিযানে আরও ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়।
শনিবার সকালে সাহেবের আলগা সীমান্তের ইটালুকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা এবং চোরাচালানে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বিষয়ে রৌমারী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান রোধে তারেক রহমান সরকারের নির্দেশনায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্কাবস্থায় রয়েছে এবং সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।
