ফরিদপুরে ঈদের ছুটিতে তিন খুনের ঘটনায় অর্ধশতাধিক আহত

ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ বিষাদে রূপ নিয়েছে। গত বুধবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই নারীসহ পৃথক তিনটি খুনের ঘটনা ঘটেছে। এছাড়াও তুচ্ছ বিষয় নিয়ে জেলার তিনটি স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যা জনমনে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামে বসতবাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে চাচা কাজী সিরাজুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে। মানিকগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ৫৭ বছর বয়সী সিরাজুল ঈদের মাংস পৌঁছে দিতে বাড়িতে ফিরেছিলেন। বাড়িতে এসে গাছ কাটার দৃশ্য দেখে প্রতিবাদ করলে ভাতিজা সুমন ও তুষার তাঁকে হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে নৃশংসভাবে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঈদের দিন সকালে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে জন্মদাত্রী মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী অভিযুক্ত হাসান শেখ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঈদের সকালে বাড়ির আঙিনায় ফুলগাছ রোপণকে কেন্দ্র করে মা ফুলজান বেগমের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাসান কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ৬০ বছর বয়সী ফুলজান বেগমের মৃত্যু হয়। আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান জানিয়েছেন, ঘাতক ছেলেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ঈদের আগের দিন বুধবার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ৭১ বছর বয়সী ফিরোজা বেগমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে টুলু মিয়াসহ প্রতিপক্ষের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। ফিরোজা বেগম নিজস্ব জমিতে শৌচাগার নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের চারজন মিলে তাঁকে লাঠিপেটা ও কিলঘুষি মারেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%