AdvertisementAdvertisement

ইসলামী ব্যাংক খাত ধ্বংস করে সরকার লুটপাটের রাজনীতি করছে অভিযোগ ছাত্রশিবির সভাপতির

নড়াইলে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং জনপ্রতিনিধিদের ঈদ পুনর্মিলনী। ‘ভ্রাতৃত্ব ভালোবাসা ঈদের বন্ধন, শিবির গড়ে আদর্শের স্পন্দন’ এই স্লোগানকে সামনে রেখে ২৯ মে শুক্রবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল নেতৃবৃন্দের মধ্যকার সৌহার্দ্য ও আদর্শিক বন্ধনকে আরও সুসংহত করা।

নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সরব উপস্থিতিতে মিলনায়তন প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংসের মাধ্যমে লুটপাটের অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে সাধারণ জনগণকে সুদভিত্তিক অর্থনীতির দিকে ঠেলে দেওয়ার তীব্র নিন্দা জানান তিনি। পাশাপাশি তারেক রহমান নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে বক্তারা ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক ভিত্তি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশ গঠনে তরুণ সমাজকে আরও অধিকতর সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বস্তরের অংশগ্রহণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%