সুন্দরগঞ্জে মহাসড়কে ভুট্টা শুকানোর সময় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদর থেকে হরিপুর মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কটি এখন কৃষকদের ভুট্টা শুকানোর চাতালে পরিণত হয়েছে। এই মহাসড়কে অবাধে ভুট্টা শুকানোর খেসারত দিতে গিয়ে শুক্রবার বিকেলে মালেকা বেগম নামের ৪৫ বছর বয়সী এক গৃহবধূর প্রাণহানি ঘটেছে। ঈদের ছুটিতে সেতু দেখতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত মালেকা বেগম হরিপুর ইউনিয়নের ডাঙ্গাচর গ্রামের মনছুর আলীর স্ত্রী।

বিজ্ঞাপন

নিহতের স্বামী মনছুর আলী জানান, তাদের বহনকারী অটোরিকশাটি ব্রিজ পয়েন্ট শহরের মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল সেটিকে ধাক্কা দেয়। তিনি অভিযোগ করে বলেন, সড়কের ওপর ভুট্টা বিছিয়ে রাখার কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় চালক গাড়িটির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। মহাসড়ক দখল করে কৃষকদের এই অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয় উপজেলা প্রশাসন দীর্ঘসময় ধরে নির্বিকার ভূমিকা পালন করে আসছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সুন্দরগঞ্জ সদর থেকে সেতু পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে ভুট্টা শুকানোর ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের অনেক জায়গায় মাঝপথ পর্যন্ত ভুট্টা বিছিয়ে রাখায় যানবাহন চলাচলের পথ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। ভুট্টার ওপর দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা পিছলে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে ট্রাকসহ বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। এ বিষয়ে বারবার স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও কোনো ভ্রাম্যমাণ আদালত বা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি।

পবিত্র ঈদের আনন্দঘন মুহূর্তে এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবিলম্বে মহাসড়ক থেকে অবৈধ এই চাতাল অপসারণ এবং দায়িত্বহীনতার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় কৃষকরা বাধ্য হয়েই মহাসড়ক ব্যবহার করছেন। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব নয়, তবে কৃষকদের চলাচলের রাস্তা উন্মুক্ত রেখে ভুট্টা শুকানোর জন্য সতর্ক করা হবে। তার এই বক্তব্যের পর স্থানীয় মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

0%
0%
0%
0%