রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, হুমকি দিয়ে পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে জানা গেছে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেটেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
রোববার ভোর সাড়ে তিনটার দিকে নগরীর অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে প্রক্টরের বাসভবনের সামনে একদল মুখোশধারী মোটরসাইকেলযোগে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘গতকাল রাতে আমার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আমি তখন বাসায় ছিলাম। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের পরপরই আমি বের হয়ে এ দৃশ্য দেখতে পাই।’

তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। তবে এ ধরনের ঘটনা প্রথম নয়, এর আগেও তাঁর বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত।

পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রক্টর, আমাদের আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করার দুঃসাহস আপনি কোথায় পান? আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করায় বুঝতে পারছি আপনার অবস্থা। আপাকে নিয়ে আর একটা বাজে মন্তব্য করলে সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার পায়ের ওপর দাঁড়িয়ে থাকার শক্তি নাই, কথা পরিষ্কার।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত- বিস্ফোরণ
০%
০%
০%
০%