শ্যামনগরে লোকালয়ের মুরগির খামার থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর গ্রামে এক গৃহস্থের খামার থেকে প্রায় ১৭ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মুক্তার গাজীর বাড়ি থেকে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) যৌথ প্রচেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ভুক্তভোগী মুক্তার গাজী জানান, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে সাপটি তার হাঁস-মুরগির খামারে ঢুকে পড়ে। বুধবার সকালে খামারের দরজা খুলে দিলে হাঁস-মুরগিগুলো বের হতে না চাওয়ায় সন্দেহ হয়। এ সময় তার স্ত্রী খামারের ভেতরে বিশাল আকৃতির অজগরটি দেখে আতঙ্কে জ্ঞান হারান।
সংবাদ পেয়ে সিপিজি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে বন বিভাগের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর সাপটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, সুন্দরবনের কাছাকাছি হওয়ায় খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত সাপটিকে সুন্দরবনের গভীর অরণ্যে নিরাপদ স্থানে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।
