জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর, কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর

কুমিল্লা মহানগর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাঁর সততা, সাধারণ জীবনযাপন এবং দেশপ্রেম প্রতিটি নেতা-কর্মীর জন্য অনুসরণীয় আদর্শ।
মন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি রাজনৈতিক কর্মীর নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখা উচিত যে, তাঁদের চরিত্র ও কর্মকাণ্ড দলীয় আদর্শের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও যোগ করেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই ক্ষমতার মূল উৎস এবং জনগণের ভোটের মাধ্যমেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইতিহাসে কোনো শাসকের ক্ষমতা চিরস্থায়ী ছিল না, তাই জনগণের ইচ্ছাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
কৃষি খাতের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত, তাই কৃষকের অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ঋণ মওকুফসহ কৃষি উপকরণ সহায়তা প্রদান করছে, যার ফলে পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানিনির্ভরতা হ্রাস পেয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ কৃষিপণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করবে।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
