Advertisement

নবম জাতীয় বেতন স্কেলের অনুমোদন মন্ত্রিসভায় সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণ

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে এই নতুন স্কেল কার্যকর হবে।

নতুন এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকুরিজীবীদের সর্বোচ্চ গ্রেড-১-এ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা। পুরো বেতন কাঠামোটি তিনটি ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মূল বেতনের এই পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাতেও ব্যাপক রদবদল আসার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বেতন স্কেলের বিস্তারিত বিন্যাস অনুযায়ী, ১ম গ্রেডে বেতন ১ লাখ ৬০ হাজার টাকা, ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা, ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ২৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫ম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩ হাজার ৭০০ টাকা এবং ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৪ হাজার টাকা মূল বেতন হিসেবে কার্যকর হবে।

ক্রমবিন্যাসের অন্যান্য ধাপের মধ্যে ৭ম গ্রেডে ৫৮ হাজার থেকে ৯২ হাজার ৮০০ টাকা, ৮ম গ্রেডে ৪৭ হাজার থেকে ৮৩ হাজার ৭০০ টাকা, ৯ম গ্রেডে ৪৫ হাজার থেকে ৮০ হাজার ৮০০ টাকা এবং ১০ম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৯ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেতন কাঠামো ২৫ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বিন্যস্ত করা হয়েছে। নিম্নতম ২০তম গ্রেডে মূল বেতন দাঁড়িয়েছে ২০ হাজার টাকা, যা সর্বোচ্চ ৪৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%