Advertisement

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডির অংশ ভেঙে যাওয়ার দীর্ঘ তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী ট্রেনটি পুরানাপৈল এলাকায় পৌঁছালে এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে ট্রেনটি রেললাইনের ওপর আটকা পড়ে।

ঘটনার পরপরই সান্তাহার জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িকভাবে মেরামত করে ট্রেনটিকে জয়পুরহাট রেল স্টেশনে নিয়ে গেলে বেলা ১২টার দিকে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানিয়েছেন, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পেয়ে ট্রেনটি থামিয়ে দেওয়া সম্ভব হয়েছিল বলেই একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে আকস্মিক এ বিপর্যয়ের কারণে জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়িসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ায় দূরপাল্লার যাত্রীরা তীব্র ভোগান্তির শিকার হন।

0%
0%
0%
0%