খুলনায় জোড়া হত্যাকাণ্ডে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার দুই, অস্ত্র উদ্ধার

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন হরিণটানা এলাকার ৮০ বিঘা এলাকায় সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের মূল হোতা কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। দীর্ঘ অনুসন্ধানের পর গত ২১ আগস্ট গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি শটগান, একটি পিস্তল ও তিনটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে খুলনা র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, ঘটনার পরপরই ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়। জিজ্ঞাসাবাদে সাইফি ও রাকিব হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা এবং অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সাইফি জানায়, তাদের গ্রুপের সদস্য নাজমুলকে অন্য একটি পক্ষ হত্যার প্রতিশোধ নিতেই তারা সশস্ত্র অবস্থায় হরিণটানায় যায়। সেখানে মঞ্জুরুল ইসলামকে তার বাবার উপস্থিতিতেই গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
র্যাব জানায়, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তবে এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের স্বজনরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
