Advertisement

কলেজহীন দোয়ারাবাজারে উচ্চশিক্ষার সংকটে হাওরপারের পাঁচ শতাধিক শিক্ষার্থী

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কানলার হাওড়ের পূর্বপাড়ে অবস্থিত মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চবিদ্যালয়টি এখন এলাকার কয়েকশ শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাধ্যমিক পর্যায়ের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় এবং এলাকায় কোনো কলেজ না থাকায় মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ এসএসসি পাসের পরই ঝরে পড়ছে। হাওরবেষ্টিত এই জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করার দাবি এখন স্থানীয়দের কণ্ঠে জোরালো হয়ে উঠেছে।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। এসএসসি পাসের পর উচ্চমাধ্যমিকে ভর্তি হতে শিক্ষার্থীদের আট থেকে দশ কিলোমিটার দূরের কলেজে যাতায়াত করতে হয়। কিন্তু সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুর্গম পথ পাড়ি দেওয়া তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর্থিক অনটন ও যাতায়াত সমস্যার পাশাপাশি নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনেক অভিভাবকই সন্তানদের, বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষার জন্য আর কলেজে পাঠাতে আগ্রহী হন না।

বিজ্ঞাপন

দশম শ্রেণির শিক্ষার্থী রিয়া আক্তারের মতে, উচ্চশিক্ষার অদম্য ইচ্ছা থাকলেও কলেজের অভাবে স্বপ্ন ভঙ্গ হওয়া যেন তাদের নিত্যদিনের বাস্তবতা। দূরের কলেজে যাতায়াতে অতিরিক্ত খরচ ও নানামুখী ঝুঁকির কারণে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবন মাধ্যমিকের গণ্ডিতেই শেষ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা মনে করছে, এই বিদ্যালয়টি কলেজে উন্নীত হলে হাওরাঞ্চলের শত শত শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার পথ সুগম হবে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, প্রতিবছর শিক্ষার্থীরা ভালো ফলাফল করা সত্ত্বেও কলেজ না থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করা হলে পিছিয়ে পড়া হাওর এলাকার ছেলে-মেয়েরা নিজ এলাকায় থেকেই এইচএসসি পর্যন্ত পড়ার সুযোগ পাবে। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন জানান, বিদ্যালয়টিতে উচ্চমাধ্যমিক খোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত ভিত্তি রয়েছে এবং এটি বাস্তবায়িত হলে বিশেষ করে নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে শিক্ষা বোর্ডে যথাযথ আবেদন করার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%