ভোলার দৌলতখানে জলমগ্ন দুই বিদ্যালয়, চরম দুর্ভোগে পাঁচ শতাধিক শিক্ষার্থী

ভোলার দৌলতখান উপজেলার ছোটধলী গ্রামের এস এম হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথে দীর্ঘদিনের জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। বিদ্যালয় দুটির সামনে সেরু মাস্টার পোল সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ দুই মাস ধরে চলা এই জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠ এখন কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারছে না। শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীদের ব্যাগ, বই-খাতা ও পোশাক ভিজে নষ্ট হয়ে যাচ্ছে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া, চতুর্থ শ্রেণির রাফিয়া ও অষ্টম শ্রেণির লামিয়া জানায়, মাঠজুড়ে পানি জমে থাকায় তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠের এই বেহাল দশার কারণে তারা আতঙ্ক নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের মানবেতর পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীরা ভিজা শরীর নিয়ে শ্রেণিকক্ষে বসতে বাধ্য হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে বলে আশা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
