Advertisement

নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকীতে শাকিব খানের আবেগঘন শ্রদ্ধাঞ্জলি

বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অবিসংবাদিত সম্রাট, রূপালী পর্দার অমর নায়করাজ রাজ্জাকের প্রয়াণের আজ নয়টি বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চলচ্চিত্রের এই কিংবদন্তি নক্ষত্র মহাকালের যাত্রায় পাড়ি জমান। তাঁর নবম মৃত্যুবার্ষিকীতে চলচ্চিত্রাঙ্গনজুড়ে বইছে শোকের আবহ। এই বিশেষ দিনে কিংবদন্তি এই মানুষটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে শাকিব খান নায়করাজ রাজ্জাককে কেবল একজন অভিনেতা হিসেবে নয়, বরং নিজের অভিভাবক ও ছায়া হিসেবে অভিহিত করেছেন। শাকিব লিখেছেন, নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর দীর্ঘ নয় বছর পার হয়ে গেলেও তাঁর শূন্যতা আজও একইভাবে অনুভূত হয়। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিভাবক, প্রেরণার উৎস এবং ভালোবাসার এক বিশাল আশ্রয়।

বিজ্ঞাপন

স্মৃতির পাতায় ডুব দিয়ে শাকিব খান লিখেছেন, তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল ব্যক্তিগত ও হৃদয়ের। তিনি সবসময় আমার মাথার ওপর ছায়ার মতো ছিলেন। স্নেহ ও ভালোবাসায় আগলে রাখার পাশাপাশি জীবন ও ক্যারিয়ার নিয়ে তিনি যেভাবে পরামর্শ দিতেন, তা আমার পথচলায় পাথেয় হয়ে আছে। অনেক সময় দেখা না হলেও তিনি যেন অলৌকিকভাবেই বুঝে নিতেন আমি কেমন আছি কিংবা কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এমন একজন অভিভাবককে হারানো আমার কাছে ব্যক্তিগত শোকের মতো।

শাকিব খানের ভাষ্যমতে, নায়করাজ রাজ্জাক স্বশরীরে আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর শেখানো আদর্শ ও আশীর্বাদ এখনো প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জোগায়। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নায়করাজ রাজ্জাক এক অনন্য অহংকার। যতদিন এই শিল্প টিকে থাকবে, ততদিন তিনি কোটি দর্শকের হৃদয়ে অমর হয়ে থাকবেন।

বিজ্ঞাপন

পোস্টের একেবারে শেষে নায়করাজের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শাকিব খান লিখেছেন, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। ওপারে শান্তিতে থাকুন আমাদের প্রিয় নায়করাজ।

0%
0%
0%
0%