Advertisement

বুড়িচংয়ে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকের সর্বস্বান্ত হওয়ার উপক্রম

কুমিল্লার বুড়িচং উপজেলার বালিখাড়া গ্রামে গত সোমবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এক রাতের ব্যবধানে স্বপ্নভঙ্গ হয়েছে কৃষক মো. জাহাঙ্গীর আলমের। ঝড়ের তাণ্ডবে তার ৩০ শতক জমির আখ পুরোপুরি মাটিতে লুটিয়ে পড়েছে, যার ফলে প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। মঙ্গলবার সকালে নিজের ক্ষেতের এমন ধ্বংসযজ্ঞ দেখে কান্নায় ভেঙে পড়েন এই প্রান্তিক চাষি।

জাহাঙ্গীর আলম জানান, ঋণের ওপর নির্ভর করে তিনি আখের চাষ করেছিলেন। ভালো ফলনের আশায় বুক বেঁধে ধারদেনা করে প্রায় এক লাখ টাকারও বেশি বিনিয়োগ করেছিলেন তিনি। এখন ফসল নষ্ট হয়ে যাওয়ায় ঋণের বোঝা কীভাবে পরিশোধ করবেন এবং পরিবারের ভরণপোষণ চালাবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষক সোলায়মান ও সোহেল রানা জানান, জাহাঙ্গীর অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। ঋণ করে চাষাবাদ করা এই জমির ওপরই তার পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছিল। এমন আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে তার অপূরণীয় ক্ষতি হয়েছে। এ অবস্থায় কৃষক জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়াতে সরকারের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার জানিয়েছেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত আখের ক্ষেতের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য মাঠ পর্যায়ে খোঁজ নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় কৃষি পরামর্শ প্রদানের পাশাপাশি সরকারি সহায়তার আওতায় আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%