বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগমের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন। টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার বিকেল ৪টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল প্রয়াণে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গত ৩ আগস্ট সোমবার ভোর ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গৃহকর্তা শাহ আলমের স্ত্রী হনুফা বেগমসহ তাদের কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম গুরুতর অগ্নিদগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করেন। বিভাগীয় কমিশনার জানান, প্রশাসনের পক্ষ থেকে আহতদের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে। অন্য দুজন কিছুটা সুস্থ হলেও হনুফা বেগমের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয়রা।
