AdvertisementAdvertisement

সিজেপি নিয়ে কেজরিওয়ালকে নিশানা অমিত মালব্যর, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন, সিজেপি আসলে কেজরিওয়ালেরই একটি ব্যক্তিগত ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রকল্প। মালব্যের মতে, যন্তর মন্তরে গত মাসে হওয়া আন্দোলনটি নিট প্রশ্নপত্র ফাঁসের মতো ইস্যু নিয়ে নয়, বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করেই সাজানো হয়েছিল।

অমিত মালব্য অভিযোগ করেন, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে দীর্ঘদিনের গোপন আঁতাত রয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে কেজরিওয়ালকে বলতে শোনা যায় যে, রাজপথে আসা আন্দোলনকারীরা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই লড়াই করতে এসেছিলেন, যা থেকে স্পষ্ট হয় পুরো বিষয়টি ছিল রাজনৈতিক এজেন্ডা চালিত। যদিও ভিডিওটির উৎস ও সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে, তবুও এই ঘটনা ঘিরে ভারতের রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গেছে।

Advertisement
বিজ্ঞাপন

আপের সাবেক সদস্য ও বর্তমান বিজেপি সাংসদ স্বাতী মালিওয়ালও কেজরিওয়ালের বিরুদ্ধে সরব হয়েছেন। মালিওয়ালের সরাসরি অভিযোগ, ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাইজ্যাক করতে চেয়েছিল কেজরিওয়ালের দল। তিনি দাবি করেন, সিজেপি গঠনের পেছনে আপের আর্থিক মদত ছিল, যা বর্তমান পরিস্থিতিতে তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে জনসমক্ষে চলে এসেছে।

এদিকে বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, এই স্পনসরড রাজনৈতিক প্রজেক্টের কর্মীরা এক পর্যায়ে অবাধ্য হয়ে ওঠায় কেজরিওয়াল ক্ষুব্ধ হয়ে পুরো চক্রান্তের তথ্য ফাঁস করে দেন। তিনি রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়ালকে ভণ্ড আখ্যা দিয়ে বলেন, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলন শুরুর নাটক করলেও স্বার্থসিদ্ধি না হওয়ায় তারা শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় কেজরিওয়ালের তীব্র নিন্দা করেছেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র। তিনি অভিযোগ করেন, কেজরিওয়াল মাওবাদী ধাঁচের ভাষা ব্যবহার করে নিজের নৈতিক দেউলিয়াপনার পরিচয় দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে মিশ্র একে রাজনৈতিক ও ভাষাগত দেউলিয়াপনার চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%