চরফ্যাশনে এসএসসিতে স্কুলের চেয়ে মাদ্রাসার ফলাফল ভালো

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সাধারণ স্কুলগুলোকে পেছনে ফেলে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা। সোমবার সকালে প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলায় ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৬২২ জন উত্তীর্ণ হয়েছে। সব মিলিয়ে উপজেলার গড় পাসের হার ৫৫ দশমিক ৮২ শতাংশ এবং মোট ৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ আবুল খায়ের জানান, এসএসসি সাধারণ শাখায় ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৭৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৭৬ জন উত্তীর্ণ হয়েছে, যেখানে পাসের হার ৪৭ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। কেন্দ্রভিত্তিক ফলাফলে চরফ্যাশন টিবি কেন্দ্রে ৫৩ দশমিক ০৪ শতাংশ, চরফ্যাশন টাউন কেন্দ্রে ৬৬ দশমিক ৭৫ শতাংশ, শশীভূষণ কেন্দ্রে ৩৪ দশমিক ৫৬ শতাংশ, দুলারহাট কেন্দ্রে ৪১ দশমিক ২০ শতাংশ, চরআইচা কেন্দ্রে ৩৮ দশমিক ১০ শতাংশ এবং চেয়ারম্যান বাজার কেন্দ্রে ৪৬ দশমিক ৭০ শতাংশ পাসের হার অর্জিত হয়েছে। উল্লেখ্য, বরিশাল বোর্ডে এবার সার্বিক পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।
দাখিল বা মাদ্রাসা শাখায় ৬৭টি প্রতিষ্ঠানের ২ হাজার ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮০৩ জন কৃতকার্য হয়েছে, যা সাফল্যের হারে ৬৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। কেন্দ্রভিত্তিক দাখিল পরীক্ষার ফলাফলে চরফ্যাশন কারামতিয়া কেন্দ্রে ৬৫ দশমিক ৫০ শতাংশ, নুরাবাদ কেন্দ্রে ৭২ দশমিক ৮৮ শতাংশ, শশীভূষণ কেন্দ্রে ৭৭ দশমিক ০২ শতাংশ, আবু বকরপুর কেন্দ্রে ৭০ দশমিক ০২ শতাংশ, দক্ষিণ আইচা কেন্দ্রে ৭১ দশমিক ৩৪ শতাংশ এবং চেয়ারম্যান বাজার কেন্দ্রে ৫৫ দশমিক ০৭ শতাংশ পাসের হার রেকর্ড করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, কারিগরি বা ভোকেশনাল শাখায় ৩টি প্রতিষ্ঠানের ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। এই শাখায় পাসের হার ৩৯ দশমিক ০৯ শতাংশ এবং মাত্র ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের সার্বিক পাসের হার যেখানে ৫৮ দশমিক ২০ শতাংশ, সেখানে চরফ্যাশনের কারিগরি ফলাফল কিছুটা হতাশাজনক বলেই মনে করছেন স্থানীয় শিক্ষাবিদরা।
