আলাস্কায় বিপৎগ্রস্ত নৌকাকে সাড়া দেয়নি জাকারবার্গের প্রমোদতরী

আলাস্কার উপকূলে জ্বালানি সংকটে পড়া একটি ছোট নৌযানের জরুরি ডাকে সাড়া না দেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মালিকানাধীন প্রমোদতরী ‘লঞ্চপ্যাড’-এর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের পক্ষ থেকে সাহায্যের বার্তা পাঠানো হলেও জাকারবার্গের ক্রু সদস্যরা তা যথাসময়ে শুনতে পাননি বলে দাবি করেছেন তার মুখপাত্র। রোববার এক বিবৃতিতে জানানো হয়, ঘটনার সময় জাকারবার্গ নিজে ওই নৌযানে ছিলেন না।
‘আলাস্কা বীকন’-এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে আলাস্কার ফারাগুট উপসাগরের অদূরে বিপদে পড়া ছোট নৌকাটি রেডিওর মাধ্যমে কোস্ট গার্ডের কাছে সহায়তা চেয়েছিল। সেই বার্তা পেয়ে কাছাকাছি থাকা ‘ওয়াইল্ডারনেস লিগ্যাসি’ নামের একটি ক্রুজ জাহাজ দ্রুত এগিয়ে আসে এবং নৌকাটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। অথচ একই এলাকায় অবস্থান করা জাকারবার্গের বিলাসবহুল প্রমোদতরীটির কাছে কোস্ট গার্ডের বার্তা পৌঁছালেও তারা কোনো সাড়া দেয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওয়াইল্ডারনেস লিগ্যাসির যাত্রী মাইকেল লাভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, বিষয়টি জানার পর ক্রুজ জাহাজের যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি আরও উল্লেখ করেন যে, সাহায্যের সুযোগ পেয়েও তা এড়িয়ে যাওয়া দায়িত্বশীলতার পরিচয় নয়। বিশেষ করে যখন কোনো নৌযান বিপদে পড়ে, তখন আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কাছাকাছি থাকা যেকোনো জাহাজের নৈতিক ও আইনি দায়িত্ব হলো সাধ্যমতো সহায়তা প্রদান করা, যদি না তাতে নিজস্ব জাহাজের নিরাপত্তার ঝুঁকি থাকে।
জাকারবার্গের মুখপাত্রের ভাষ্যমতে, কোস্ট গার্ডের বার্তাটি যে রেডিও চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল, লঞ্চপ্যাডের কর্মীরা তখন সেই তরঙ্গ পর্যবেক্ষণ করছিলেন না। পরবর্তীতে বিষয়টি নজরে এলে তারা জানতে পারেন যে ওয়াইল্ডারনেস লিগ্যাসি ততক্ষণে উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় নৌকায় থাকা সংশ্লিষ্ট সকলেই অক্ষত অবস্থায় ফিরে এসেছেন এবং বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
তথ্যসূত্র: আল জাজিরা
