AdvertisementAdvertisement

অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে পাকিস্তান থেকে ২৬ লক্ষ ৮৯ হাজার আফগান নাগরিকের প্রত্যাবর্তন

পাকিস্তান সরকার কর্তৃক অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী উচ্ছেদ অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৭ লাখ আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। রবিবার পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ২০২৩ সালের শেষ দিকে এই বিশেষ কর্মসূচি গ্রহণের পর থেকে এ পর্যন্ত ২৬ লাখ ৮৯ হাজার ২৯৫ জন আফগান নাগরিককে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। কেবল পাঞ্জাব প্রদেশ থেকেই ১ লাখ ৪০ হাজার ৪৬৮ জন নথিপত্রহীন আফগান নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, কেন্দ্রীয় সরকারের নীতিমালা অনুযায়ী বৈধ ভিসা ছাড়া অবস্থান করা সকল আফগান নাগরিককে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হচ্ছে। প্রদেশজুড়ে বিভিন্ন আবাসিক এলাকা ও বিপণিবিতানে নিয়মিত তদারকি চালাচ্ছে স্থানীয় প্রশাসন। যেসব আফগান নাগরিকের কাছে বৈধ নথিপত্র নেই, তাদের আটক করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমানে পাঞ্জাব প্রদেশে ৩৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু রয়েছে, যেখানে ১৮৮ জন আফগান নাগরিক অবস্থান করছেন। এসব কেন্দ্রে অবৈধভাবে বসবাসরত আফগানদের সাময়িক আবাসন, নিবন্ধন এবং প্রত্যাবাসনের যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। মূলত ২০২৩ সালের অক্টোবর মাসে পাকিস্তান সরকার অবৈধ বিদেশি নাগরিকদের প্রত্যাবাসনের পরিকল্পনা ঘোষণা করে এবং নথিপত্রহীন বিদেশিদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

প্রদেশটিতে বিদ্যমান ফরেন ন্যাশনাল সিকিউরিটি সেল পুরো কার্যক্রমটি সমন্বয় ও তদারকি করছে। কোনো ধরনের পরিচয় জালিয়াতি, সন্দেহজনক কর্মকাণ্ড বা বৈধ নথিপত্রহীন আফগান নাগরিকদের উপস্থিতি সম্পর্কে তথ্য থাকলে তা অবিলম্বে নিকটস্থ পুলিশকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পাঞ্জাব প্রশাসন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%