বিভিন্ন হাইকোর্টে নতুন বিচারক নিয়োগ ও স্থায়ীকরণে রাষ্ট্রপতির অনুমোদন

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি দেশের বিভিন্ন উচ্চ আদালতে নতুন বিচারক নিয়োগ এবং অতিরিক্ত বিচারকদের স্থায়ী করার প্রস্তাবনায় অনুমোদন দিয়েছেন। বিচার বিভাগীয় কমিশনের গত ২০ ও ২১ জুলাইয়ের সভার সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাহোর, সিন্ধু, বেলুচিস্তান, ইসলামাবাদ ও পেশোয়ার হাইকোর্টে এসব নিয়োগ কার্যকর হবে। এছাড়া সিন্ধু ও লাহোর হাইকোর্টের বেশ কয়েকজন অতিরিক্ত বিচারককে স্থায়ী পদে নিয়োগের বিষয়টিও নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি।
বিচার বিভাগীয় কাঠামোর সংস্কার ও বেতন-ভাতা সমন্বয়েও বড় পদক্ষেপ নিয়েছে সরকার। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন, ভাতা ও পেনশন কাঠামোকে ফেডারেল সাংবিধানিক আদালতের বিচারকদের সমপর্যায়ে উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছেন। একই সঙ্গে উচ্চ আদালতের বিচারকদের ছুটি, পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত ১৯৯৭ সালের আদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।
প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে হারুন আখতারকে শিল্প ও উৎপাদন বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিচারক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই এই নিয়োগের বিষয়টি সামনে এল। এর আগে বিচারক নিয়োগে বিলম্ব নিয়ে ইসলামাবাদ হাইকোর্ট কঠোর অসন্তোষ প্রকাশ করেছিল। একটি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে এ বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছিল।
বিচারক নিয়োগের সামারি বা সারসংক্ষেপ আটকে থাকা নিয়ে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আরবাব মুহাম্মদ তাহির প্রশ্ন তুলেছিলেন। শুনানিকালে তিনি সরকারের দায়িত্বশীলতা নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রশীদ হাফিজের কাছে জানতে চেয়েছিলেন, সরকার আদৌ বিচার বিভাগীয় সংকট নিরসনে আগ্রহী কি না। আদালতের কঠোর অবস্থানের একদিন পরই রাষ্ট্রপতি এসব গুরুত্বপূর্ণ ফাইল অনুমোদন করলেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
