AdvertisementAdvertisement

ধর্মীয় আবেগকে পুঁজি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মেলান্দহে যুবক আটক

জামালপুরের মেলান্দহ উপজেলা মডেল মসজিদে ইসলাম ধর্ম গ্রহণের নাটক সাজিয়ে মুসল্লিদের ধর্মীয় আবেগকে পুঁজি করে অর্থ সংগ্রহের অভিযোগে সঞ্চয় শর্মা নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে নিজের পরিচয় গোপন করে আর্থিক সহায়তা চাওয়ার সময় মুসল্লিদের সন্দেহের মুখে পড়েন তিনি। জিজ্ঞাসাবাদে তার অসংলগ্ন কথাবার্তা ও প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

অনুসন্ধানে জানা গেছে, আটককৃত সঞ্চয় শর্মা ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর এলাকার তোতারাম শর্মার সন্তান। তিনি পেশাদার প্রতারক হিসেবে পরিচিত এবং এর আগেও জামালপুর সদর ও ইসলামপুর উপজেলার বিভিন্ন মসজিদে একই কৌশলে ইসলাম ধর্ম গ্রহণের নাটক সাজিয়ে মুসল্লিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। তার কাছ থেকে উদ্ধারকৃত একটি এফিডেভিট নথির মাধ্যমে তিনি নিয়মিত বিভিন্ন এলাকায় ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আর্থিক সুবিধা নিতেন বলে অভিযোগ রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

মেলান্দহ উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি জাহেদুল ইসলাম জানান, সঞ্চয় শর্মা ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করলে প্রথা অনুযায়ী তাকে কালেমা পাঠ করানো হয়। এসময় তিনি নিজেকে অসহায় পরিচয় দিয়ে আর্থিক সাহায্য চাইলে অনেকেই মানবিক কারণে তাকে সহায়তা করেন। পরবর্তীতে একাধিকবার একই কৌশলে বিভিন্ন মসজিদে প্রতারণার বিষয়টি সামনে আসায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সঞ্চয় শর্মাকে আটক করে ভবিষ্যতে এমন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা রোধে স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় মুচলেকা গ্রহণের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা প্রতারক চক্রের মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%