AdvertisementAdvertisement

অনুশীলনে আঙুলে চোট, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অনিশ্চিত শুভমন গিল

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর প্রাক্কালে বড়সড় চোটের কবলে পড়ল ভারতীয় ক্রিকেট দল। দলের অধিনায়ক শুভমন গিল অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় আঘাত পাওয়ায় তাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠের বাইরে রাখা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বোর্ডের ভাষ্যমতে, বৃহস্পতিবার অনুশীলনের সময় বলের আঘাতে আঙুলে চোট পান গিল। যদিও প্রাথমিক পরীক্ষায় চোট গুরুতর নয় বলে প্রতীয়মান হয়েছে, তবুও কোনো ঝুঁকি না নিয়ে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। গিলের অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল।

Advertisement
বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার গুরনূর ব্রারের একটি বল আছড়ে পড়ে গিলের আঙুলে। প্রাথমিকভাবে ফিজিওর কাছ থেকে ব্যান্ডেজ নিয়ে তিনি স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং চালিয়ে গেলেও, পরবর্তীতে স্লিপে ক্যাচ অনুশীলনের সময় আবারও একই জায়গায় আঘাত পান তিনি। এই জোড়া আঘাতের পর তাকে নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে ভারতীয় শিবিরে।

ইতিমধ্যেই চোটের কারণে দলের নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতি ভারতীয় ম্যানেজমেন্টের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তারকা পেসার জসপ্রীত বুমরাহকে ছাড়াই শ্রীলঙ্কা সফরের দল সাজাতে হয়েছে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আউকিব নবি। পাশাপাশি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং তরুণ ব্যাটার সাই সুদর্শনও চোটের কারণে মাঠের বাইরে থাকায় দলের গভীরতা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
বিজ্ঞাপন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করতে ভারতের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওভালে অনুষ্ঠিতব্য চূড়ান্ত লড়াইয়ের টিকিট পেতে হলে বাকি থাকা নয়টি ম্যাচের অন্তত সাতটিতে জয় প্রয়োজন রোহিত শর্মার উত্তরসূরীদের। তবে প্রথম টেস্ট শুরু হতে হাতে আরও এক সপ্তাহের বেশি সময় থাকায়, অধিনায়ক শুভমন গিল দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবেন বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%