AdvertisementAdvertisement

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নতুন প্রধান হিসেবে এরিকা শোয়ার্ৎজের নিয়োগ নিশ্চিত

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির নতুন প্রধান হিসেবে ড. এরিকা শোয়ার্টজকে নিশ্চিত করেছে দেশটির সিনেট। বুধবার ৫১-৪৪ ভোটে ৫৪ বছর বয়সী এরিকার নাম চূড়ান্ত করা হয়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে সিডিসিতে চলা কর্মী সংকট, গণপদত্যাগ এবং অভ্যন্তরীণ অস্থিরতা নিরসনে তার নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ভ্যাকসিন নীতি নিয়ে মতবিরোধের জেরে সুজান মনারেজকে বরখাস্ত করার পর দীর্ঘ সময় সংস্থাটি পূর্ণাঙ্গ নেতৃত্বহীন ছিল।

এরিকা শোয়ার্টজকে নিয়ে গত কয়েক মাসে রাজনৈতিক মহলে গভীর সংশয় ছিল। বিশেষ করে তিনি হোয়াইট হাউসের রাজনৈতিক চাপের মুখে আপসহীন থাকতে পারবেন কি না, তা নিয়ে সিনেটের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কমিটিতে তীব্র বিতর্ক হয়েছিল। তবে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি তার সঙ্গে আলোচনার পর ইতিবাচক মত প্রকাশ করলে মনোনয়নের পথ প্রশস্ত হয়। ১৮ মাসে এটি ছিল ট্রাম্পের তৃতীয় মনোনয়ন প্রচেষ্টা, যা শেষ পর্যন্ত সফল হলো।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমানে সিডিসি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের বিতর্কিত ভ্যাকসিন নীতির বিরোধিতা করে গত কয়েক মাসে প্রায় ৩ হাজার দক্ষ কর্মী প্রতিষ্ঠানটি ছেড়েছেন। আমেরিকার পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের ড. জর্জেস বেঞ্জামিন এক বিবৃতিতে জানিয়েছেন, গত দুই বছরের বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে সিডিসির এখন স্থিতিশীল নেতৃত্ব এবং বিজ্ঞানের প্রতি অবিচল দায়বদ্ধতার একান্ত প্রয়োজন।

Advertisement
বিজ্ঞাপন

নতুন এই দায়িত্বভার গ্রহণের পাশাপাশি এরিকা শোয়ার্টজকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে তিন দশকের মধ্যে ভয়াবহ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশুদের টিকা নেওয়ার হার উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে। একই সঙ্গে সাইক্লোস্পোরার প্রাদুর্ভাব জনস্বাস্থ্য ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে। ন্যাশনাল পাবলিক হেলথ কোয়ালিশন এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ড. শোয়ার্টজকে এখন প্রমাণ করতে হবে যে তার নেতৃত্ব রাজনৈতিক উচ্চাভিলাষের চেয়ে বিজ্ঞানের প্রতি বেশি অনুগত থাকবে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%