AdvertisementAdvertisement

নাইজেরিয়ায় বড় ধরনের যৌথ অভিযানে তিন শতাধিক অপহৃত নাগরিক উদ্ধার

নাইজেরিয়ায় মুক্তিপণ আদায়ের লক্ষ্যে সশস্ত্র গোষ্ঠী ও ডাকাত দলের অপহরণ আতঙ্ক বর্তমানে এক চরম সংকট হিসেবে দেখা দিয়েছে। তবে এই নৈরাজ্যের মধ্যেই দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর একটি সফল ও গোয়েন্দা-নির্ভর অভিযানে তিন শতাধিক অপহৃত নাগরিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতির মাধ্যমে এই বিশাল সাফল্যের কথা নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত ৩০৮ জন নাগরিক নাইজার ও কোয়ারা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা থেকে অপহৃত হয়েছিলেন। এর মধ্যে ১৬৩ জন কোয়ারা অঙ্গরাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো কমিউনিটি থেকে অপহৃত হন এবং বাকি ১৪৫ জনকে নাইজার অঙ্গরাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সরকারি তথ্যানুযায়ী, নাইজার অঙ্গরাজ্যের নিউ বুসা স্থানীয় সরকার এলাকার কাইনজি লেক ন্যাশনাল পার্কের বনভূমি থেকে তাদের উদ্ধার করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

দেশটির ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ এবং ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসেসের সম্মিলিত অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হয়। কর্তৃপক্ষের দাবি, নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর ইতিহাসে একই দিনে এটিই সবচেয়ে বড় উদ্ধার অভিযান। কোয়ারা অঙ্গরাজ্যের সরকার এক বার্তায় প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু এবং নিরাপত্তা বাহিনীর এই কৃতিত্বের ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য যে, গত ৩ ফেব্রুয়ারি কাইয়ামা এলাকায় সন্দেহভাজন বোকো হারামের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় অন্তত ২০০ জন নিহত হন। সেই হামলার সময়ই এই নাগরিকদের অপহরণ করা হয়েছিল। নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাষ্ট্রীয় উপস্থিতির অভাব থাকায় স্কুল, গির্জা ও মসজিদসহ বিভিন্ন স্থান এখন অপরাধী চক্র ও জঙ্গি গোষ্ঠীর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এর আগে ১৮ জানুয়ারি কাদুনা অঙ্গরাজ্যের কুরমিন ওয়ালি গ্রামের তিনটি গির্জা থেকে ১৭৭ জনকে অপহরণ করা হয়। এছাড়া গত মাসে নিরাপত্তা বাহিনী ওয়ো অঙ্গরাজ্য থেকে অপহৃত অন্তত ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করে। প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু জানিয়েছেন, এই সফল অভিযান দেশের নিরাপত্তা সংস্থাগুলোর ক্রমবর্ধমান সক্ষমতা ও পারস্পরিক সমন্বয়ের বহিঃপ্রকাশ। নাগরিকদের জীবন রক্ষায় অকুতোভয় সেনাসদস্যদের সাহসিকতার প্রশংসা করেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%