AdvertisementAdvertisement

ওয়াশিংটনে ভয়াবহ দাবানলে ঘরছাড়া ৬০ হাজার মানুষ ধ্বংস হয়েছে ৬০০ স্থাপনা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে প্রায় ১ হাজার বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। বিশেষ করে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন এলাকায় পরিস্থিতির ভয়াবহতা চরমে পৌঁছেছে। গত সপ্তাহান্তে স্পোকেন ও এর আশপাশের অঞ্চলে প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা। প্রাণ বাঁচাতে ওই এলাকা থেকে ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এই অগ্নিকাণ্ডে অন্তত ৬০০টি বাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং কেউ নিখোঁজও নেই, তবে উদ্ধারকাজ ও পরিস্থিতি পর্যালোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে সংশ্লিষ্ট বিভাগ। উদ্ধারকৃত ভিডিওচিত্রে দেখা গেছে, বসতবাড়িগুলো পুড়ে কয়লা হয়ে গেছে, কেবল ধোঁয়া ওঠা চিমনিগুলো ধ্বংসস্তূপের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে।

Advertisement
বিজ্ঞাপন

ওয়াশিংটনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া ডজনখানেক দাবানল নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় অগ্নিনির্বাপক বাহিনী। যুক্তরাষ্ট্রের সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেছেন, বিপদ এখনো কাটেনি এবং আগামী কয়েক দিন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে। শুষ্ক আবহাওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে দাবানল সৃষ্টির প্রকৃত কারণ এখনো উদঘাটন করতে পারেননি তদন্তকারীরা।

Advertisement
বিজ্ঞাপন

দুর্যোগের প্রভাব কেবল ওয়াশিংটনেই সীমাবদ্ধ নেই। পার্শ্ববর্তী আইডাহো ও ওরেগন অঙ্গরাজ্যে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে। সেখানে বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করে দশ দিন ধরে আগুন নেভানোর চেষ্টা চলছে। এই অগ্নিকাণ্ডে ৬০০টি বাড়ি ও ৮০০টি স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে। এছাড়া মধ্য ইউটাহ অঙ্গরাজ্যে দাবানলের আকার দ্রুত বৃদ্ধি পেয়ে ১৪৫ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। এই এলাকায় শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা নিশ্চিত করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%