AdvertisementAdvertisement

ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত রেখে আলোচনার টেবিলে ট্রাম্প

ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসে আলোচনার পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের উত্তেজনা নিরসনে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্য সামনে রেখে সোমবার থেকেই তেহরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক সংলাপ শুরু হতে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। মূলত উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর অনুরোধ এবং তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির পথ তৈরি হওয়ার কারণেই এমন কঠোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হামলার পরিকল্পনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে বড় সামরিক অভিযানের রূপ নেওয়ার কথা ছিল। তবে মিত্র দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের পক্ষ থেকে হামলার বিষয়ে সংযত হওয়ার অনুরোধ করা হয়। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সতর্ক করে বলেছিলেন, বড় ধরনের আক্রমণ আঞ্চলিক অস্থিতিশীলতা ও অনাকাঙ্ক্ষিত দুর্যোগ ডেকে আনতে পারে। মিত্রদের এই উদ্বেগকে গুরুত্ব দিয়ে ট্রাম্প যুদ্ধের পরিবর্তে আলোচনার টেবিলে বসার সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

আলোচনার মূল লক্ষ্যবস্তু হিসেবে হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে চিহ্নিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেছেন যে, হরমুজ প্রণালী সংক্রান্ত একটি চুক্তির পাশাপাশি দীর্ঘমেয়াদী পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিও সম্পন্ন করা সম্ভব হবে। এদিকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তারা একমত পোষণ করেছেন বলে ইরানি গণমাধ্যমসূত্রে জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

অন্যদিকে, ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী সংক্রান্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই আলোচনা মূলত প্রণালী দিয়ে নতুন একটি রুট ব্যবহারের চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট। এর সঙ্গে হরমুজ প্রণালী খোলা বা বন্ধ রাখার বিতর্কিত ইস্যুর কোনো সরাসরি যোগসূত্র নেই বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতের মাঝে বিভিন্ন সময়ে কূটনৈতিক প্রচেষ্টায় সাময়িক বিরতি এলেও দীর্ঘস্থায়ী শান্তি এখনো অধরা রয়ে গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%