AdvertisementAdvertisement

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে শিক্ষামন্ত্রী

ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল, তবে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের নবপ্রজন্ম দেশকে সেই বিপর্যয় থেকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজধানীর ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণসভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শত শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে জুলাই মাস মানুষের স্মৃতিপটে চিরভাস্বর হয়ে থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, কেবল প্রথাগত শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। দেশের টেকসই অগ্রগতির স্বার্থে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন এবং সরকার তা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কারিগরি জনশক্তির ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশিক্ষিত জনবল বিদেশে রপ্তানি করতে পারলে তা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে, যা জাতীয় অর্থনীতিকে আরও সুসংহত করবে। এই লক্ষ্য অর্জনে সরকার দেশে নতুন করে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলেও তিনি অবহিত করেন।

Advertisement
বিজ্ঞাপন

পরিশেষে তরুণ প্রজন্মের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন আহ্বান জানান যে, কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা অর্জনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। দেশ গড়ার এই মহান ব্রতে শিক্ষার্থীদের দেশপ্রেম ও সততার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।

সম্পর্কিত- শিক্ষামন্ত্রী
0%
0%
0%
0%