শ্রীমঙ্গল ও ভানুগাছ স্টেশনের যাত্রী ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস মন্ত্রীর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে স্থানীয়দের নানা ভোগান্তি ও রেলওয়ে সংক্রান্ত সমস্যা শোনার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেসে ভ্রমণকালে তিনি এই দুই গুরুত্বপূর্ণ স্টেশন পরিদর্শন করেন।
ভ্রমণের অংশ হিসেবে ভানুগাছ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিকালে মন্ত্রী স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। স্থানীয়রা স্টেশনের নাজুক অবকাঠামোগত অবস্থা, যাত্রীসেবার নিম্নমান এবং ট্রেন চলাচল নিয়ে দীর্ঘদিনের বিড়ম্বনার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তাদের অভিযোগ ও দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শুনে মন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে মন্ত্রী শ্রীমঙ্গল ও ভানুগাছ স্টেশনের সার্বিক কার্যক্রম ও যাত্রীসেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত বিদ্যমান বিভিন্ন রেলস্টেশন ও রেললাইনের সমস্যা চিহ্নিত করা এবং সেগুলো সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এই পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য। এছাড়া সিলেট থেকে জাফলং পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে মন্ত্রী এই অঞ্চল সফর করছেন।
