অবসরপ্রাপ্তদের পেনশনকে মৌলিক অধিকার ঘোষণা করল পাকিস্তানের ফেডারেল সাংবিধানিক আদালত

ইসলামাবাদের ফেডারেল কন্সটিটিউশনাল কোর্ট অব পাকিস্তান এক ঐতিহাসিক রায়ে ঘোষণা করেছে যে, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা তাদের মৌলিক অধিকার। বিচারপতি আরশাদ হুসেনের লেখা নয় পৃষ্ঠার এই রায়ে আদালত স্পষ্ট করেছে যে, উপযুক্ত আদালতের নির্দেশ ছাড়া কোনোভাবেই একজন অবসরপ্রাপ্ত কর্মীর পাওনা আটকে রাখা যাবে না।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, পেনশন প্রদানে অহেতুক দীর্ঘসূত্রতা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট অতীতেও পেনশন ও বকেয়া পরিশোধে বিলম্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফেডারেল কন্সটিটিউশনাল কোর্ট অব পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এখন থেকে পেনশনের অর্থ পরিশোধে গড়িমসি করলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে।
বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত রূপরেখা টানতে আদালত জানিয়েছে, কোনো আদালতের আদেশের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল বা পুনর্বিবেচনার আবেদন না করলে তা চূড়ান্ত বলে গণ্য হবে। নির্ধারিত সময় পার হওয়ার পর সাংবিধানিক পিটিশনের মাধ্যমে রায় চ্যালেঞ্জ করার সুযোগ নেই, কারণ আইনি কার্যক্রমের একটি নির্দিষ্ট পরিসমাপ্তি থাকা বাঞ্ছনীয়।
একই রায়ে আদালত একটি বেসরকারি ব্যাংককে তাদের বরখাস্তকৃত এক চালককে চাকরিতে পুনর্বহাল ও যাবতীয় সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছে। মুহাম্মদ আকরাম নামের ওই দৈনিক মজুরিভিত্তিক চালককে চাকরিতে ফিরিয়ে নিতে ১৭ বছর আগে লেবার কোর্ট নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছে ফেডারেল কন্সটিটিউশনাল কোর্ট অব পাকিস্তান।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
