নেত্রকোণার পূর্বধলায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ: তদন্তের আশ্বাস প্রশাসনের

নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের খাদ্য গুদাম রোড এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল ও গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ‘রোজ মেডিক্যাল হল’-এর মালিক শাহীন তালুকদারের বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী মোস্তফা মামুন গত ২২ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় শাহীন তালুকদার পূর্বধলা বাজারের মুরগি মহালসংলগ্ন সরকারি জমির দুটি গাছ কেটে ফেলেন। পরবর্তী সময়ে ওই একই স্থানে তিনি নিজের বসতবাড়ির সীমানাপ্রাচীর ও দেয়ালের একটি অংশ নির্মাণ করে জমিটি অবৈধভাবে দখলে নেন।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন। ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও শাহীন তালুকদার তা উপেক্ষা করে কাজ সম্পন্ন করেন। এ সময় স্থানীয় যারা প্রতিবাদ করতে গিয়েছিলেন, তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তারা অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত করে অবৈধ স্থাপনা অপসারণ ও দখলদার শাহীন তালুকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাহীন তালুকদার। তিনি দাবি করেন, নিজের মালিকানাধীন জমিতেই তিনি বসতবাড়ি নির্মাণ করছেন এবং সেখানে থাকা জিগার গাছগুলো কাটা হয়েছে। তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ পাওয়া গেলে তিনি নিজেই সেই স্থাপনা ভেঙে ফেলবেন বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, তারা অভিযোগটি পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।