নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে গার্মেন্টস কর্মীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ উত্তরপাড়া ঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে স্বাধীন নামের ১৯ বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর সলিল সমাধি হয়েছে। সোমবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার নবীগঞ্জ অলিম্পিয়া এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে এবং পাঠানটুলি বাসস্ট্যান্ড এলাকার রাজ অ্যাপারেলস কারখানায় কর্মরত ছিলেন।
স্বাধীনের মামা জাকির হোসেন জানান, কর্মস্থলে ছুটি থাকায় সোমবার দুপুরে ছোট ভাইকে সঙ্গে নিয়ে স্বাধীন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। সাঁতার জানা থাকলেও নদীর প্রবল স্রোতের মুখে পড়ে তিনি মুহূর্তের মধ্যেই তলিয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না মেলায় স্থানীয়রা হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বিকেল ৪টার দিকে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় নদীর তলদেশ থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তাঁর মামা জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।