রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত, ন্যাটোর উদ্বেগ বৃদ্ধি

ইউক্রেন যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবারের এই ঘটনায় ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর এই প্রথম রোমানিয়া কোনো অনুপ্রবেশকারী আকাশযানকে গুলি করে ভূপাতিত করার নজির স্থাপন করল।

বিজ্ঞাপন

দেশটির প্রেসিডেন্ট নিকুসর দান জানিয়েছেন, একটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে জনবসতিহীন এলাকায় ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাডারে ড্রোনটি কৃষ্ণসাগর উপকূলীয় শহর সুলিনা থেকে ২০ কিলোমিটার পূর্বে শনাক্ত হয়। এরপর ড্রোনটি ব্রাইলা, ফেতেস্তি এবং বুজাউ কাউন্টির ওপর দিয়ে আকাশসীমা লঙ্ঘন করে অগ্রসর হয়।

এই অনুপ্রবেশ মোকাবিলায় ন্যাটো মিশনের অংশ হিসেবে মোতায়েন করা ইতালির দুটি ইউরোফাইটার টাইফুন এবং রোমানিয়ার দুটি এফ-১৬ যুদ্ধবিমান তাৎক্ষণিকভাবে আকাশে উড়াল দেয়। শেষ পর্যন্ত রোমানিয়ার একটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে ছোড়া মিসাইলে পদিনা গ্রামের অদূরে ফাঁকা জমিতে ড্রোনটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের মতে, এই অনুপ্রবেশ রাশিয়ার যুদ্ধের ভয়াবহতাকে নতুন এক মাত্রায় নিয়ে গেছে। ন্যাটো প্রধান মার্ক রুটে রাশিয়ার এই আচরণকে সবার জন্য বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, ন্যাটোর মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার স্পষ্ট করেছেন যে, জোটের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় তারা বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

ইউক্রেনের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া রোমানিয়ায় যুদ্ধের শুরু থেকেই কয়েক ডজন ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনাটি ছিল এই দীর্ঘ সিরিজের প্রথম সফল প্রতিরোধের নজির। এর আগে মে মাসে গালাতি শহরে একটি ড্রোন আঘাত করলে দুজন আহত হন, যা ন্যাটো সদস্য কোনো দেশে বেসামরিক এলাকায় প্রথম হামলার ঘটনা ছিল। একই সঙ্গে বাল্টিক রাষ্ট্রগুলোতে রাশিয়ার অব্যাহত আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় পুরো ইউরোপে যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ার আতঙ্ক বিরাজ করছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%