পাকিস্তান ও ভেনেজুয়েলার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত পররাষ্ট্রমন্ত্রীরা

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার ভেনেজুয়েলার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ফেলিক্স প্লাসেনসিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা প্রসারের বিষয়ে আলোচনা করেছেন। উভয় নেতা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে যৌথ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
টেলিফোনালাপে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ফেলিক্স প্লাসেনসিয়াকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একইসঙ্গে ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইসহাক দার আশা ব্যক্ত করেন যে, দেশটির সরকার ও জনগণ দ্রুত এই প্রাকৃতিক দুর্যোগের ধকল কাটিয়ে উঠতে সক্ষম হবে।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেনসিয়া মানবিক সহায়তার বার্তা পাঠানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। এছাড়া আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা এবং শান্তি ও কূটনীতি প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি বিস্তৃত করার বিষয়ে একমত হয়েছেন। আলাপচারিতার শেষে পাকিস্তান ও ভেনেজুয়েলার মধ্যে চলমান এই যোগাযোগ অব্যাহত রাখার এবং সুবিধাজনক সময়ে সরাসরি সাক্ষাতের বিষয়ে উভয় নেতা সম্মতি প্রকাশ করেছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
