সরাইলে কিশোর জিহাদ হত্যার বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও তীব্র যানজট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় কিশোর জিহাদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা-সিলেট মহাসড়ক। ঘটনার প্রতিবাদে রোববার সকাল ১০টার দিকে ‘কুট্টাপাড়াবাসী’ ব্যানারে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নিলে ঢাকা-সিলেট রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামগামী শত শত দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আটকা পড়ায় হাজারো যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এ সময় ‘জিহাদের হত্যাকারীরা বাইরে কেন’, ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে’ ও ‘হত্যাকারীদের ফাঁসি চাই’ সম্বলিত বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য যে, গত ১০ জুলাই রাতে কুট্টাপাড়া হাইওয়ে থানার অদূরে সেতুর পাশে জিহাদ নামের ১৭ বছর বয়সী ওই কিশোরকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের কয়েক দিন পার হয়ে গেলেও মামলার কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ঘটনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাবাসী রাজপথ ছাড়তে নারাজ। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।