কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ, গুজার খানে মন্তব্য মারিয়ম আওরঙ্গজেবের

কাশ্মীরকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে পাঞ্জাবের জ্যেষ্ঠ মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব বলেছেন, কোনো শক্তিই এই অঞ্চলকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। শনিবার গুজারখানে আয়োজিত এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর পাকিস্তানের ‘শাহরগ’ বা প্রাণনালী এবং এই ভূখণ্ডের ভাগ্য নির্ধারণের অধিকার কেবল কাশ্মীরি জনগণেরই রয়েছে।
জনসভায় মারিয়াম আওরঙ্গজেব দাবি করেন, কাশ্মীর অঞ্চলে বর্তমানে ১০০০০ কোটি রুপি ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি পাকিস্তানর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, পাকিস্তানের জনগণের ম্যান্ডেট নিয়ে তিনবার প্রধানমন্ত্রী হওয়া নওয়াজ শরীফের কাজের ছাপ পুরো দেশজুড়ে দৃশ্যমান। পাকিস্তানর বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং নওয়াজ শরীফ বরাবরের মতোই আন্তর্জাতিক পরিমণ্ডলে কাশ্মীরের পক্ষে জোরালো অবস্থান ধরে রেখেছেন বলেও তিনি উল্লেখ করেন।
ভোটের রাজনীতির প্রেক্ষাপটে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, রাজনৈতিক দলগুলোর অতীত কর্মকাণ্ড এবং নিজ নিজ প্রদেশে তারা কী ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, তা বিচার-বিশ্লেষণ করেই যেন রায় দেওয়া হয়। মারিয়াম আওরঙ্গজেব বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, যারা কেবল অন্যের ওপর আক্রমণাত্মক রাজনীতিতে ব্যস্ত, জনকল্যাণমূলক কাজে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে।
পাঞ্জাবের বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন কেবল ফাঁকা বুলি আওড়ানোর রাজনীতিতে বিশ্বাস করে না, বরং বাস্তবমুখী কাজের মাধ্যমে জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, প্রদেশের সর্বত্র স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং বিভিন্ন খাতে টেকসই উন্নয়ন কর্মসূচি জোরদার করা হয়েছে, যা জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
