চিলিতে ভয়াবহ বন্যা ও ঝড়ে তিনজনের প্রাণহানি পরিদর্শনে প্রেসিডেন্ট কাস্ত

চিলির মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা ও প্রবল ঝড়ের কবলে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরবাড়ি হারিয়েছেন শত শত মানুষ। উদ্ভূত পরিস্থিতির ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত শুক্রবার বিওবিও অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দুর্যোগকবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
চিলির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ‘সেনাপ্রেড’-এর প্রতিবেদন অনুযায়ী, বন্যার কারণে এখনো ৪৬৬ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এছাড়া কোকুইম্বো অঞ্চলে পানি বেড়ে যাওয়ায় অন্তত ১৫৮ জন বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছেন এবং সাতজন আহত হয়েছেন। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ত্যালাগান্তে এলাকার কাম্পামেন্তো রিভেরা দেল রিও থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির অধিকাংশ অঞ্চলে। এর ফলে শুক্রবার অনেক স্থানে শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘কোডেলকো’ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে আন্দিনা খনির ওপরতলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের প্রায় ২ লক্ষ ৫৭ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
নিহতদের মধ্যে নেগ্রেতে শহরে সড়ক পরিষ্কারের সময় একজন শ্রমিক, তেমুকো শহরে ছাদ পরিষ্কার করতে গিয়ে একজন এবং সান্তিয়াগোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপর একজন প্রাণ হারিয়েছেন। এএফপির তথ্য মতে, প্রেসিডেন্ট কাস্ত দুর্যোগ মোকাবিলায় সরকারি সব ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছেন। চলতি বছরের মার্চে দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই চিলির বিশাল এক অংশকে এই প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করতে হচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা