মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ৪০ কোটি রুপি বিনিয়োগ করবে পাঞ্জাব সরকার: মরিয়ম নওয়াজ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে ও তাদের ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। বৃহস্পতিবার আরিফওয়ালায় ‘নওয়াজ শরিফ স্কুল অব এমিনেন্স’-এর ১০টি ক্যাম্পাসের উদ্বোধনকালে তিনি ঘোষণা করেন যে, অর্থনৈতিক সংকট যেন কোনোভাবেই প্রতিভাবান শিক্ষার্থীদের অগ্রযাত্রায় বাধা হতে না পারে, সেজন্য পাকিস্তানর পাঞ্জাব সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে তিনি জানান, সরকারি স্কুলগুলোকে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে, যাতে সব শ্রেণি-পেশার শিক্ষার্থীরা সমান সুযোগ পায়। উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দিতে ‘হোনহার স্কলারশিপ প্রোগ্রাম’ চালুর পাশাপাশি শিগগিরই শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ল্যাপটপ ও আরও ৫০ হাজার অতিরিক্ত বৃত্তি প্রদানের ঘোষণা দেন তিনি।
শিক্ষা খাতে বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করে মুখ্যমন্ত্রী বলেন, এই খাতে ৪০ বিলিয়ন রুপি বিনিয়োগ করছে পাকিস্তানর পাঞ্জাব সরকার। এর মাধ্যমে সরকারি স্কুলগুলোতে নতুন শ্রেণিকক্ষ নির্মাণ, আসবাবপত্র, সুপেয় পানি ও অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও রোবটিক্সের মতো যুগোপযোগী বিষয়ে শিক্ষার প্রসারে প্রদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের।
বর্তমান বর্ষা মৌসুমের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। সম্প্রতি নির্মাণাধীন ভবন ধসে ১৪ শিশুর প্রাণহানির হৃদয়বিদারক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা তার সরকারের অন্যতম অগ্রাধিকার। খোলা ম্যানহোল ও অরক্ষিত স্থানে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বারবার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা নিরাপদ করতে সবুজ বৈদ্যুতিক বাসের বহর সম্প্রসারণ করা হচ্ছে। পাকিস্তানর পাঞ্জাব সরকারের লক্ষ্য হলো, সাধারণ পরিবারের সন্তানদের জন্য ব্যয়বহুল বেসরকারি প্রতিষ্ঠানের সমমানের আধুনিক সুযোগ-সুবিধা সরকারি স্কুলেই পৌঁছে দেওয়া।
মুখ্যমন্ত্রী জানান, ‘নওয়াজ শরিফ স্কুল অব এমিনেন্স’-এর প্রতিটি ১ হাজার আসনের বিপরীতে প্রায় ৫ হাজার শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে, যা সরকারি শিক্ষার প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন। পাকিস্তানর পাঞ্জাব প্রদেশের শিক্ষা খাতের এই রূপান্তর কেবল শুরু উল্লেখ করে তিনি আগামী কয়েক বছরে এমন ৩০০টি আধুনিক বিদ্যালয় স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ