সাতকানিয়ায় বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বাংলাদেশ সেনাবাহিনী

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাদুর্গত ও ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশেষ মেডিকেল ক্যাম্পে দুর্গত এলাকার ৮৫০ জন অসহায় মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
বুধবার দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে দুর্গতদের মাঝে এক হাজার প্যাকেট খাবার স্যালাইন ও এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
বন্যার পানিতে দীর্ঘদিন নিমজ্জিত থাকায় এসব এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে সেনাবাহিনী। মেডিকেল ক্যাম্প চলাকালীন ১০ পদাতিক ডিভিশনের কর্মকর্তা মনিরুজ্জামান মল্লিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্যার্তদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় চরম দুর্ভোগে ছিলেন। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে ও মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও জনসাধারণের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।