AdvertisementAdvertisement

রামগঞ্জে চা খেতে গিয়ে এক মাস ধরে নিখোঁজ যুবক, সন্ধান মেলেনি এখনো

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামে বাড়ির পাশের একটি দোকানে চা খেতে গিয়ে মো. রাসেল হোসেন নামে এক যুবক নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ৩২ বছর বয়সী এই যুবকের অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় তার মা ফাতেমা বেগম চরম অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা প্রিয়জনকে ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন।

গত ৯ জুন সকাল সাতটার দিকে তোরাব মিজি বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে রাসেল হোসেন দেবনগর গ্রামের একটি দোকানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। দীর্ঘ সময় পার হওয়ার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত রাসেলের বড় ভাই মো. ফারুক হোসেন গত ২৫ জুন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Advertisement
বিজ্ঞাপন

রাসেলের বড় ভাই মো. ফারুক হোসেন জানান, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের দ্বারে দ্বারে ঘুরেও তার ছোট ভাইয়ের কোনো হদিস মেলেনি। পরিবারের সবাই বর্তমানে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। বিশেষ করে মায়ের শারীরিক অবস্থার অবনতি তাদের আরও বিপর্যস্ত করে তুলেছে। তারা এখন প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস শাকুর জানিয়েছেন, নিখোঁজ রাসেলকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তার সন্ধানে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তথ্য প্রচার করা হয়েছে। তদন্তের স্বার্থে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কোনো ব্যক্তি রাসেলের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার স্বজনদের সাথে যোগাযোগ করার জন্য। এ ঘটনায় এলাকাবাসী ও নিহতের পরিবার প্রশাসনের কাছে দ্রুত আইনি তৎপরতার মাধ্যমে নিখোঁজ যুবককে উদ্ধার করার জোর দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%