AdvertisementAdvertisement

বরিশালে ব্যবসায়ীকে লাঞ্ছিত ও জোরপূর্বক চেক স্বাক্ষরের ঘটনায় দুই জন গ্রেপ্তার

বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে তাঁর কার্যালয়ে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গত ২৭ জুন সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান লিটু ও তাঁর সহযোগীরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে দুটি চেক ও ছয়টি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে নিয়েছেন।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার জানান, লিটু অতীতে তাঁর প্রতিষ্ঠানের পরিচালক থাকলেও দুই বছর আগেই পাওনা ও সম্পত্তির হিসাব চূড়ান্ত করে নিষ্পত্তি করা হয়েছিল। তবে সম্প্রতি নতুন করে অর্থ দাবির পরিপ্রেক্ষিতেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গত বৃহস্পতিবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করলে আদালত কোতোয়ালী মডেল থানাকে তদন্তের নির্দেশ দেয়।

Advertisement
বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নগরজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে রোববার নগরীতে অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান লিটু ও তাঁর সহযোগী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত লিটুর দাবি, ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি না হওয়াতেই এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে, অভিযুক্ত লিটুর রাজনৈতিক পরিচয় নিয়ে জেলা ও মহানগর যুবদল সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। যুবদল নেতাদের ভাষ্যমতে, লিটু সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী নন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%