বিশ্বকাপের নকআউটে কঙ্গো: যুদ্ধবিধ্বস্ত জাতির অদম্য স্বপ্নপূরণের ইতিহাস

বায়ান্ন বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে আফ্রিকার দেশটি বিশ্বমঞ্চে নিজেদের নতুন পরিচয় তুলে ধরেছে। এই জয় শুধুমাত্র খেলার মাঠের সাফল্য নয়, বরং দীর্ঘদিনের যুদ্ধ, মানবিক বিপর্যয় ও বাস্তুচ্যুতির শিকার একটি জাতির ঘুরে দাঁড়ানোর প্রতীক হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে খেলোয়াড় ও দর্শকদের উল্লাসে স্টেডিয়াম প্রকম্পিত হলেও, হাজার মাইল দূরে কঙ্গোর গোমা কিংবা উত্তর কিভুর চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সংঘাতকবলিত এসব অঞ্চলে বিস্ফোরণের শব্দ, গুলির আওয়াজ এবং নিরাপত্তাহীনতার অভিশপ্ত জীবন এখনো নিত্যদিনের বাস্তবতা। মাঠের এই সাফল্য তাই সেই সব মানুষের কাছে এক চিলতে স্বস্তির পরশ হয়ে এসেছে, যারা প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছেন।

ডিআর কঙ্গোর বর্তমান সাফল্যের নেপথ্যে রয়েছে রক্তাক্ত এক অতীত। ১৯৯৬ ও ১৯৯৮ সালের দুটি ভয়াবহ যুদ্ধ দেশটিকে বিশ্বের অন্যতম বড় সংঘাতের কেন্দ্রে পরিণত করেছিল, যা ইতিহাসে ‘আফ্রিকার বিশ্বযুদ্ধ’ হিসেবে পরিচিত। যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারিতে লাখো মানুষের প্রাণহানি এবং কোটি মানুষের বাস্তুচ্যুতির ঘটনা দেশটির সামাজিক কাঠামোকে পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছে। ২০০৩ সালে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর সংঘর্ষে পূর্ব কঙ্গোর অস্থিরতা এখনো কাটেনি।

যেসব শিশুদের জীবন আশ্রয়কেন্দ্রের চার দেয়ালে বন্দি কিংবা যারা মাঠের চেয়ে শরণার্থী শিবিরের পথ বেশি চেনে, আজ তাদেরই অদম্য স্বপ্নে ভর করে বিশ্বজয়ের পথে এগিয়ে যাচ্ছে কঙ্গো। ফুটবলারদের প্রতিটি দৌড় যেন যুদ্ধবিধ্বস্ত মানুষের বেঁচে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি। প্রতিটি পাসের মধ্য দিয়ে তারা একে অপরকে টিকিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত করছেন, আর গোলগুলো প্রমাণ করে দিচ্ছে যে—বন্দুকের গুলি মানুষের প্রাণ কেড়ে নিতে পারলেও, স্বপ্নকে স্তব্ধ করতে পারে না।

বিজ্ঞাপন

বিশ্বকাপের নকআউট পর্বে উত্তরণ সেইসব মায়েদের জয়, যারা চরম অনিশ্চয়তার মাঝেও সন্তানদের বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন। এটি সেইসব শিশুদেরও জয়, যারা ভাঙা কাঠ দিয়ে গোলপোস্ট বানিয়ে একদিন বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন বুনেছিল। স্কোরবোর্ডের ৩-১ ব্যবধানের এই জয়ের আড়ালে লুকিয়ে আছে লাখো মানুষের অদম্য লড়াইয়ের গল্প, যারা বিশ্বাস করে—যুদ্ধ একদিন থামবে, কিন্তু স্বপ্নের এই দৌড় কখনো থামবে না।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%