ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদের দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সরকারি কলেজ মাঠে শনিবার বাদ জোহর বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া।
জানাজায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম এ মান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়াও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে শহরের শেরপুরে মায়ের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।